যশোর: যশোর জেলা আওয়ামী লীগের কমিটি গঠনের নির্ধারিত সময় শেষ হলেও নেই কোন সাংগঠনিক তৎপরতা। যশোরের আট উপজেলা ও শহর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের বেধে দেয়া সময় আজ শেষ হলেও কোনো তোড়জোড় দেখা যায়নি নেতাদের মধ্যে। ফলে বাস্তবায়ন হচ্ছে না জেলা আওয়ামী লীগের বর্ধিত সভার গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত। তবে, শার্শা উপজেলার জন্য পাল্টাপাল্টি দু’টি কমিটি জমা পড়েছে বলে জেলা আওয়ামীলীগ সুত্রে জানা যায়।
জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, সম্প্রতি কেন্দ্র থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে যশোরের নয়টি ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা আসে। এ কারণে ২০ ফেব্রুয়ারি বিকেলে তড়িঘড়ি করে অনুষ্ঠিত হয় জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা। সেখানে জেলা সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের উপস্থিতিতে ২৮ ফেব্রুয়ারির মধ্যে সব উপজেলা ও শহরের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নেতাদের নির্দেশনা দেয়া হয়।
একইসাথে ৩১ মার্চের মধ্যে সব ইউনিয়ন ও ওয়ার্ডসমূহে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয় ওই সভা থেকে।
যশোরের আট উপজেলার মধ্যে মণিরামপুর, শার্শা, ঝিকরগাছা, চৌগাছা ও কেশবপুর উপজেলায় ২০১৩ ও ১৪ সালে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়। বর্তমানে ওই কমিটি দিয়েই চলছে সাংগঠনিক কার্যক্রম। অন্যদিকে, ২০১৮ ও ১৯ সালে বাঘারপাড়া, অভয়নগর, সদর এবং যশোর শহর আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আংশিক কমিটি ঘোষণা করা হয়. অন্যান্য পদগুলো এখনো খালি। আর কয়েক মাস পরই শেষ হবে এসব কমিটির মেয়াদ। অথচ শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক দিয়েই চলছে সাংগঠনিক কর্মসূচি। ফলে তৃণমূল নেতারা পদ-পদবি থেকে বঞ্চিত হয়েছেন।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুজিবুদ্দৌলা সরদার কনক বলেন, রোববার পর্যন্ত শার্শা উপজেলার পূর্ণাঙ্গ কমিটি তার হাতে এসেছে। তবে যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ৬৭ সদস্য বিশিষ্ট ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান ৭১ সদস্য বিশিষ্ট দু’টি কমিটি জেলায় পাঠিয়েছেন বলে জানান তিনি। এরমধ্যে ত্যাগী ও পরিশ্রমী নেতাদের নিয়ে গঠিত কমিটি ঢাকায় পাঠানো হবে বলে জানান জেলার দপ্তর সম্পাদক। ছয়দিনে না পাঠালেও শেষদিন কিছু উপজেলা কমিটির তালিকা আসতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মাহমুদুল হাসান বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য দেশের বাইরে থাকায় তারা সভা ডাকতে পারেননি। আজ দেশে পৌঁছালে শিগগির উপজেলা আওয়ামী লীগের সভা ডেকে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের কাছে সাতদিন বেশি সময় চেয়েছেন বলে তিনি জানান।
বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলী বলেন, পূর্ণাঙ্গ তালিকা তৈরির চেষ্টা চলছে। সব ঠিক থাকলে আজ তালিকা জেলায় পাঠাতে পারেন বলে জানান তিনি।
কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমীন বলেন, ২০১৩ সালে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি এবং তৎকালীন সভাপতি প্রয়াত আলী রেজা রাজু ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের সম্মতিতে তাদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। একারণে তাদের কোনো তালিকা করার নির্দেশনা আসেনি বলে জানান তিনি।
জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, পূর্ণাঙ্গ কমিটির তালিকা তৈরির সময় শেষ হবে সোমবার (২৮ ফেব্রুয়ারি)। এদিনের মধ্যে তালিকা দিতে না পারলে পরবর্তী সভায় সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।
আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ঢেলে সাজানো হচ্ছে আওয়ামী লীগের ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কমিটি। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে সব ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ রয়েছে কেন্দ্রীয় নেতাদের।