মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতীতে ময়মনসিংহ বন বিভাগের অধীনস্থ রাংটিয়া রেঞ্জের অধীস্ত তাওয়াকুচা ফরেস্ট বিট এলাকার তাওয়াকুচা মৌজার (মায়াবী লেক) নামক স্থানে নুরুল হকের দখলে থাকা বন বিভাগের প্রায় ২০ একর ও সরকারী খাস খতিয়ানের প্রায় ৪ একর জমিসহ মোট ২৪ একর জমি উদ্ধার করা হয়েছে।
শনিবার (৫ মার্চ) বেলা ১১টায় ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার জয়নাল আবেদীনের নেতৃত্বে বন বিভাগের একটি দল ভূমিদস্যু নুরুল হকের দখলে থাকা ওই জমিতে মৎস্য চাষসহ ইটের নির্মিত পিলারসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করে জমি উদ্ধার করেন।
এসময় শেরপুরের সহকারী বন সংরক্ষক আবু ইউসুফ, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মকরুল ইসলাম আকন্দ, পুলিশের এসআই ফেরদৌস, হাবিবুর রহমানসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন।