
নালিতাবাড়ী (শেরপুর) : ইউনেস্কো স্বীকৃত ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। সোমবার নানা কর্মসূচীর মধ্যদিয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে দিবসটি পৃথকভাবে পালিত হয়।
সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক ভবন চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। এরপর হলরুমে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন এর সভাপতিত্বে এসব কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম অংশ নেন। অন্যান্যের মধ্যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমদ বাদল, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আছমত আরা আছমা, প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেলসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রাথমিক শিক্ষক নেতা ফরিদ আহম্মেদের সঞ্চালনায় আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথকভাবে ৭ মার্চ পালন করে।