
নালিতাবাড়ী (শেরপুর) : ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের তর্ক ও মারামারি পর একপক্ষকে পিটিয়ে রক্তাক্ত করে অবশেষে নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শাহজাহান আলী (৫৫) নামে এক কৃষক। বুধবার (২৩ মার্চ) রাত নয়টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী কালাকুমা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রগুলো জানায়, কালাকুমা উত্তর গ্রামের কৃষক শাহজাহানের একটি ছাগল ছানা বিকেলে প্রতিবেশি মেরি সাংমার (৫০) শিমুল আলু (কাসাবা) ক্ষেতে গেলে মেরি ছাগল ছানাটি ধরে স্থানীয় খোয়াড়ে দেন। রাতে ওই ছাগল ছানা ছাড়িয়ে আনতে গেলে মেরি ও শাহজাহানের মধ্যে তর্ক বাঁধে। একপর্যায়ে শাহজাহান উত্তেজিত হয়ে লাঠি দিয়ে মেরিকে আঘাত করে। এসময় মেরির ভাগ্নে ইমরান সাংমা (২৭) ফেরাতে এলে তাকেও আঘাত করা হয়। এরপর দুইপক্ষেই মারধরের ঘটনা ঘটে। এতে শাহজাহান সামান্য আহত হলেও মেরি ও তার ভাগ্নে রক্তাক্ত জখম হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।
এদিকে এর কিছুক্ষণ পর শাহজাহান ঘটনাস্থল থেকে অটোরিকশাযোগে বৈশাখী বাজারে আসেন। পরে ঝগড়ার বিষয়ে উপস্থিত লোকজনকে বলাবলি অবস্থায় আকস্মিক মজিদ মিয়া হোটেলে অজ্ঞান হয়ে পড়ে মারা যান।
এ বিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, ঘটনা তদন্ত করা হচ্ছে। তবে কোন অভিযোগ এখনও পাইনি। ধারণা করা হচ্ছে, হার্ট এ্যাটাক করে শাহজাহানের মৃত্যু হতে পারে। তবে অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।