
নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ীতে বাস্তবায়নাধীন একটি ক্বওমী মহিলা মাদরাসার সাইনবোর্ড ভেঙে গুড়িয়ে ফেলে দিয়েছে প্রতিপক্ষ।
গত বুধবার (৩০ মার্চ) ভোরে উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়নের বাগিচাপুর গ্রামে বাজার সংলগ্ন রাজিয়া খাতুন ক্বওমী মহিলা মাদরাসা’র এ সাইনবোর্ডটি ভেঙে ফেলে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, বাগিচাপুর বাজারের পশ্চিম পাশে কবরস্থান সংলগ্ন স্থানে মাওলানা আরিফ হোসেন দারুল মোবারক মহিলা ক্বওমী মাদরাসা তৈরির লক্ষ্যে ঘর নির্মাণের কাজ করছেন। অপরদিকে বাজারের দক্ষিণে কবরস্থান সংলগ্ন একটি আবাদি জমিতে মাদরাসা নির্মাণের লক্ষ্যে মাওলানা আবু বক্কর সিদ্দিক রাজিয়া খাতুন ক্বওমী মহিলা মাদরাসা প্রতিষ্ঠার জন্য সাইনবোর্ড স্থাপন করেন গত মঙ্গলবার। বুধবার ভোর ছয়টার দিকে মাওলানা আরিফ হোসেনের ছোট ভাই জোবায়ের কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে রাজিয়া খাতুন ক্বওমী মহিলা মাদরাসার সাইনবোর্ডটি ভেঙে দুমড়ে-মুচড়ে রাস্তার অন্যপাশে ধানক্ষেতে ফেলে দেয়।
স্থানীয় বাসিন্দা আজাহারুল ইসলাম, আব্দুর রহিম, রেজাউল করিম, মোশাররফ হোসেন, গিয়াস উদ্দিনসহ এলাকাবাসী জানান, ভোর ছয়টার দিকে জোবায়ের সাথে কয়েকজন যুবক নিয়ে সাইনবোর্ডটি উপরে ফেলে এবং ভেঙে দুমড়ে-মুচড়ে পায়ে পিষ্ট করে ফেলে দেয়।
স্থানীয় রূপনারায়নকুড়া ইউপি চেয়ারম্যান মুঞ্জুর আল মামুন জানান, প্রতিহিংসাবশত কটি মাদ্রাসার সাইনবোর্ড ভেঙে ফেলা অন্যায়। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
এ বিষয়ে জোবায়ের আহমেদ এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমরা সামাজিকভাবে একটি মহিলা ক্বওমী মাদরাসা নির্মাণ করছি। কিন্তু আরেক পক্ষ গোপনে রাতারাতি দূরত্ব বজায় না রেখে আরেকটি মাদরাসার সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। এ বিষয়ে আমরা আইনের আশ্রয় নেব। সাইনবোর্ড ভেঙে ও গুড়িয়ে ফেলার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, প্রাথমিকভাবে আমি সতর্কতার জন্য এটি করেছি।