
শেরপুর : প্রথমবারের মতো শেরপুর জেলার বীর মুক্তিযোদ্ধাদের জীবিত ২৪জন পিতা-মাতাকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার (২ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের জীবিত ২০ জন মা ও চারজন বাবার হাতে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী হিসেবে শাড়ি, পাঞ্জাবি, জায়নামাজ, টুপি, তসবিহসহ কাপড়-চোপড় তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী, শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদসহ আরো অনেকে।
প্রথমবারের মতো এ আয়োজনে উচ্ছ্বসিত জেলা মুক্তিযোদ্ধারাও। আয়োজন সফল করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার। মুক্তিযোদ্ধাদের পিতা-মাতাকে প্রতিমাসে দুই হাজার টাকা ভাতা ও হেলথ কার্ড প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন জেলা প্রশাসক।