
ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে মহারশি নদীর পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় শাহরিয়ার হাসান সজীব (৩৫) নামে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় সদর ইউনিয়নের দিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন।
জানা গেছে, দিঘীরপাড় এলাকায় মহারশি নদীর পাড় ঘেঁষে শ্যালো ইঞ্জিন চালিত মিনি ড্রেজার এস্কেভেটর দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল শাহরিয়ার হাসান সজীব। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের নির্দেশনায় ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন করায় সজীবকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে বালু উত্তোলন না করার মর্মে মুচলেকা নেওয়া হয়। এছাড়াও বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার জব্দ করা হয়।