
ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে ধর্ষকের বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে এক স্কুলছাত্রীর পরিবার।
শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার পূর্ব ধানশাইল গ্রামে ভুক্তভোগী স্কুলছাত্রীর বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিবেশি নাজমুল হোসেন রিপন।
লিখিত বক্তব্যে বলা হয়, পূর্ব ধানশাইল গ্রামের ষষ্ঠ শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৩) বাড়ি ফেরার পথে গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় জোরপূর্বক তুলে নিয়ে স্থানীয় একটি কলাবাগানে ধর্ষণ করে পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার চককাউরিয়া গ্রামের ফরহাদ আলীর ছেলে মাহমুদুল হাসান (১৯)। এসময় স্কুলছাত্রী চিৎকার দিলে আশপাশের লোকজন মাহমুদুলকে হাতেনাতে আটক করে। পরে ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দিতে চাইলে মাহমুদুলের স্বজনরা বিষয়টি ধামাচাপা দিতে পরদিন ১৭ ফেব্রুয়ারি শেরপুরের নোটারি পাবলিক কার্যালয়ে মাহমুদুল ও স্কুলছাত্রীর বিয়ে করায়। কিন্তু এরপর মাহমুদুল হাসানসহ তার পরিবার ওই স্কুলছাত্রীকে স্ত্রী হিসেবে মেনে নিতে অস্বীকার করে।
ফলে বাধ্য হয়ে ধর্ষণের অভিযোগে গত ২০ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মাহমুদুল হাসানসহ আরও একজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন ওই স্কুলছাত্রীর পিতা।
মামলার আইনজীবী এএইচএম নূরে আলম হীরা জানান, নাবালিকা মেয়েকে ধর্ষণের পর বিয়ের নামে একতরফাভাবে শুধুমাত্র এফিডেভিট করা হয়েছে। যা কোনভাবেই আইনসিদ্ধ নয়। এ ঘটনায় মামলা দায়েরের পর ঘটনাটি তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের কাছে দেয় আদালত।