
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ৯৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি অফিসের সামনে আনুষ্ঠানিকভাবে বীজ ও সার বিতরণ করা হয়।
কৃষি অফিস জানায়, ২০২১-২২ অর্থবছরে খরিপ-১/২০২২-২৩ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৯৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর প্রত্যেকের মাঝে ৫ কেজি আউশ বীজ, ২০ কেজি ডিএপি (ডাই এ্যামোনিয়াম ফসফেট), ১০ কেজি এমওপি (পটাশ) সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীনের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম। এসময় অন্যান্যের মাঝে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াসিফ রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।