
নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় ২ কেজি গাঁজাসহ রেজাউল করিম রেজা (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ।
সোমবার (১১ এপ্রিল) রাতে উপজেলার রতঘড়ি পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রেজা ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাঁশাটি পশ্চিমপাড়া এলাকার মৃত. আমছর আলীর পুত্র।
পুলিশ জানায়, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের তেঘড়ি পশ্চিমপাড়া এলাকায় মাদকদ্রব্য উদ্ধারের অভিযান চালায়। অভিযানকালে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে মাদকদ্রব্য বিক্রির সময় হাতেনাতে আটক করা হয় রেজাউল করিমকে। তবে এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সজীব মিয়া (২৫) নামে অপর একজন পালিয়ে যায়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।