
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদ্রাসায় যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় পিকাপ ভ্যানের চাপায় মাকছুরা আক্তার মীম (১৭) নামে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মাইজবাগ বাজারের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বৈরাটি গোরস্থান মাদ্রাসা অংশে মহিলা এ দুর্ঘটনা ঘটে। নিহত মীম ৬নং মাইজবাগ ইউনিয়নের মাইজবাগ পাছপাড়া গ্রামের মোঃ ফরিদ মিয়ার মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পিকাপ ভ্যান চাপায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মীম মারা যায়। মীম মাইজবাগ বাজার সংলগ্ন আয়েশা ছিদ্দিকা মহিলা মাদ্রাসার দাওরা বিভাগের ছাত্রী।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া জানান, ঘাতক পিকাপ ভ্যান ও চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।