
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় মরিয়ম নামে নয় বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিন শিশু।
শনিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার নিজ মথুরাদী এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত মরিয়ম নিজ মথুরাদী গ্রামের মুক্তার আলীর মেয়ে। আহতরা হলো- মুক্তার আলীর আরেক মেয়ে মায়মুনা (৭), একই গ্রামের হাবিবুল্লাহ এর মেয়ে মীম (১১) ও সুমন মিয়ার মেয়ে মাসুমা (১০)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মরিয়ম, মায়মুনা, মীম ও মাসুমা নিজ মথুরাদী এলাকায় জামিয়া ইসলামিয়া বাইতুল নূর মহিলা মাদরাসার শিক্ষার্থী। সকালে তারা একসাথে মাদরাসায় যাওয়ার সময় মাদরাসার নিকট পৌঁছলে শেরপুর থেকে শ্রীবরদীগামী একটি মাইক্রোবাস পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে মরিয়ম, মায়মুনা, মীম ও মাসুমা গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মরিয়ম ও মায়মুনার অবস্থা আশংকাজনক দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মরিয়ম মারা যায়। আহত অন্য দুই শিশুকে শেরপুর সদর হাসপাতাল ও শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানান, মাইক্রোবাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।