1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

মারিউপোলে ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের আহ্বান রাশিয়ার

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : মারিউপোল শহরে অবরুদ্ধ ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে রাশিয়া। এক বিবৃতিতে মস্কো জানিয়েছে, যেসব সেনারা অস্ত্র সমপর্ণ করবে তাদের জীবনের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন,মারিউপোলে ইউক্রেনের সেনাদের ওপর হামলার অর্থ হলো আলোচনার সমাপ্তি ঘটানো।

কিয়েভের মেয়র নাগরিকদের সতর্ক করে বলেছেন, সামনের দিনগুলোতে শহরটিতে রাশিয়া আরো ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। ফলে যারা শহর ছেড়ে চলে গেছেন তাদের এখানে না ফিরে আসাই ভালো। রোববার (১৭ এপ্রিল) একথা জানায় বিবিসি।

ইউক্রেনকে পাঠানো পশ্চিমাদের অস্ত্রবাহী একটি বিমান ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রকে উদ্ধৃত করে তাস সংবাদ সংস্থা একথা জানায়।

মুখপাত্র জানান, ইউক্রেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর ওডেশার বাইরে বিমানটি ভূপাতিত করা হয়েছে। তবে নিরপেক্ষ কোনো সূত্রে এ দাবির সত্যতা নিশ্চিত হতে পারেনি বিবিসি।

এদিকে জীবন রক্ষার শেষ সুযোগ হিসেবে মারিউপোলে আটকে পড়া ইউক্রেনের সেনাদের আজকের (রোববার) মধ্যে আত্মসমর্পণের আহবান জানিয়েছে রাশিয়া। এ সময়ের মধ্যে অস্ত্র সমর্পণ করলেই কেবল তাদের জীবনের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে। এ জন্য ইউক্রেনের সেনাদের কিয়েভের দিকে না তাকিয়ে নিজেদের সিদ্ধান্ত নিজেদের নেওয়ার পরামর্শ দিয়েছে মস্কো।

রাশিয়া জানায়, ইউক্রেনের যেসব সেনা ও বিদেশি ভাড়াটে যোদ্ধারা মারিউপোলে এখনো লড়াই করছে, তারা স্থানীয় সময় রোববার সকাল ৬টা থেকে দুপুর ১টার মধ্যে অস্ত্র সমর্পণ করলে তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা হবে। যারা এটা করবে তাদের সঙ্গে জেনেভা কনভেনশন অনুযায়ী আচরণ করা হবে।

তবে যারা আত্মসমর্পণ করবে না তাদের বিষয়ে কী হবে সে সম্পর্কে রাশিয়া তাদের দেওয়া বিবৃতিতে কিছু উল্লেখ করেনি।

রাশিয়ার দাবি, ইউক্রেনের সেনাদের মারিউপোল শহরের একটি ছোট এলাকায় ঘিরে রাখা হয়েছে।

অন্যদিকে রাশিয়া ইউক্রেনে বিমান হামলা আরো জোরদার করেছে। কিয়েভের মেয়র হামলার আশঙ্কায় শহরে না ফিরতে নাগরিকদের প্রতি অনুরোধ করেছেন।

এছাড়াও দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর লভিভেও বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে।

লিভেভের কর্মকর্তারা জানান, তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে রাশিয়ার ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনসহ দেশটির কয়েকজন মন্ত্রীর ওপর রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মস্কো।

এর আগে দেশটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ওপরও একই ধরণের নিষেধাজ্ঞা দিয়েছিল।

সূত্র: বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com