
নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই সহোদর নিহত হয়েছে। আহত হয়েছে ভটভটি চালক। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত আটটার দিকে নকলা শহরের গড়েরগাঁও মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার তারাকান্দার পিঁপড়াকান্দা গ্রামের মৃত ওমেদ আলীর ছেলে হারেজ আলী (৬০) ও শামছুল হক (৫৪)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নালিতাবাড়ি পৌর গরুহাটিতে গরু বিক্রি করে ভটভটিযোগে ময়মনসিংহের তারাকান্দার উদ্দেশ্যে রওয়ানা হয় চালকসহ ওই দুই সহোদর। পথিমধ্যে গড়েরগাঁও মোড়ে এলে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে যায়। এতে ভটভটিতে থাকা চালক বাবুল মিয়া, যাত্রী হারেজ আলী (৬০) ও শামছুল হক (৫৪) গুরুতর আহত হয়। পরে আহতদের নকলা হাসপাতালে নিয়ে গেলে আশংকাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ময়মনসিংহ নিয়ে যাওয়ার পথে তারাকান্দা এলাকায় দুই সহোদরের মৃত্যু হয়। ভটভটি চালক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।