
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৩টি দোকানে অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ঈশ্বরগঞ্জ উপজেলার ২নং সোহাগী ইউনিয়নে তিনটি দোকানে মূল্য তালিকা না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার কারণে আজিজুলকে ২ হাজার, আবু ফরিদকে ১ হাজার, সোহেলকে ৫ হাজার টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী অর্থদণ্ড করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাফিজা জেসমিনের নেতৃত্বে এবং ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর বেদেনা আক্তারের প্রসিকিউশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. হাফিজা জেসমিন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানকে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনকল্যাণে এসব অভিযান চলমান থাকবে।