
শেরপুর: শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে নূরানী তা’লীমুল কোরআন বোর্ডের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) বিকেলে শহরের দমদমা কালীগঞ্জ এলাকাস্থ চট্টগ্রাম নূরানী তালীমুল কোরআন বোর্ডের শেরপুর কার্যালয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।
এসময় তিনি বলেন, সরকার সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষার প্রতিও যথেষ্ট দায়িত্বশীল। এজন্য সরকার মাদরাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ায় এ শিক্ষার গুরুত্ব বেড়েছে। ফিরে এসেছে শৃঙ্খলা। এ শিক্ষাকে উৎসাহিত করতে ইতোমধ্যে সরকার দাওরায়ে হাদীসকে মাস্টার্সের সমমর্যাদা দিয়েছে।
তিনি বলেন, ইসলাম কখনই সন্ত্রাস ও জঙ্গীবাদকে সমর্থন করে না। তাই মাদরাসা বা ইসলামী শিক্ষার মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে জঙ্গীবাদবিরোধী মনোভাব গড়ে তুলতে হবে। সেইসাথে জঙ্গীবাদকে প্রত্যাখান করে ইসলামী অনুশাসন মেনে সুন্দর ও আলোকিত সমাজ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম নূরানী তা’লীমুল কোরআন বোর্ডের মহাসচিব আল্লামা মুফতি জসিমুদ্দিন (দা: বা:) বলেন, প্রশিক্ষণের মাধ্যমে নূরানী শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চলছে। সরকারের কল্যাণে এ শিক্ষার মাধ্যমে এখন যেহেতু বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে, সেহেতু এ শিক্ষা নিয়ে মেধাবী ছেলেমেয়েরা একদিন প্রশাসন থেকে শুরু করে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে প্রবেশ করতে সক্ষম হবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান এবং জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার।
বোর্ডের শেরপুর কার্যালয়ের পরিচালক, সিনিয়র প্রশিক্ষক মাওলানা মো. হারুনুর রশীদ ও শেরপুর পুরাতন মার্কাজ
মসজিদের খতিব মাওলানা মুফতি মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নূরানী তা’লীমুল কোরআন বোর্ডের সাংগঠনিক সচিব আলহাজ্ব মাওলানা জমির উদ্দিন, ইন্দিলপুর হামিউস সুন্না মাদরাসার পরিচালক মুফতি শিহাব উদ্দিন, মাদরাসার দাতা সদস্য আলহাজ্ব আব্দুল মজিদ দুলাল প্রমুখ।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার এসএম আল আমিন, পৌর কাউন্সিলর বাবুল মিয়াসহ মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের আরবী, বাংলা ও ইংরেজি লেখা প্রদর্শন, গজল, হামদ, নাত ও ইসলামী সঙ্গীত পরিবেশনের পাশাপাশি প্রশিক্ষণার্থী শিক্ষকদের হাতের লেখাও প্রদর্শিত হয়। পরে অতিথিগণসহ সবাই দোয়া ও ইফতার মাহফিলে শরিক হন। এরপর অতিথিদের হাতে মাদরাসার তরফ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।