
ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে বিলে মাছ ধরতে গিয়ে সাগর (১৫) নামে শিক্ষার্থীর বজ্রপাতে মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার সুরিহারা গ্রামে এ ঘটনা ঘটে। সাগর ওই গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে এবং আহম্মদনগর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে হালকা বৃষ্টির সময় বাড়ির পাশে বিলে মাছ ধরতে যায় সাগর। এসময় হঠাৎ বজ্রপাত শুরু হলে তার উপর বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় সে। পরে পরিবার ও আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মনিরুল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।