
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিএনপির ইফতার মাহফিলকে কেন্দ্র করে পুলিশের গণপিটুনির শিকার আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
সরকার দলীয় নেতাকর্মীদের উপর এমন বর্বর হামলার প্রতিবাদে পুলিশের বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন সমূহ।
গতকাল রবিবার ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ওই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্মআহ্বায়ক শরিফুজ্জামান আকন্দ রানা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূঁইয়া সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এ.কে.এম ফরিদ উল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সামি উসমান গণি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি এ.কে.এম ফরিদ উল্লাহ জানান, বিএনপির অনুষ্ঠানে সরকার বিরোধী মন্তব্য করায় তারা এগিয়ে গেলে পুলিশের আক্রমণের শিকার হন। বিএনপির পক্ষ হয়ে পুলিশ তাদের নেতাকর্মীদের লাঠিপেটা ও মারধর করে। এতে তাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানান তিনি। তারই পরিপেক্ষিতে পুলিশের বিরুদ্ধে তাদের এই মানববন্ধন। ২৪ ঘন্টার মধ্যে ঈশ্বরগঞ্জ থানার ওসি ও ওসি তদন্তসহ ঘটনায় জড়িত সকল পুলিশ সদস্যদের প্রত্যাহারের দাবি জানান তারা।
এসময় ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করা হলে দীর্ঘ সময়ের যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিনের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়। ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।