
নালিতাবাড়ী (শেরপুর) : উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিল্পউদ্যোক্তা হাজী মোশারফের উদ্যোগে দেড় হাজার পরিবার নতুন কাপড়ের গন্ধ শোকে ঈদ পালন করতে যাচ্ছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের তন্তর গ্রামে জাকাতের ফান্ড থেকে এসব পরিবারে নতুন শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
হাজী মোশারফের বড় ভাই ও সাবেক ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা ও পরিবারের সদস্যরা উপস্থিত থেকে আশপাশের গ্রামের এক হাজার নারীর মাঝে একটি করে শাড়ি এবং ৫শ পুরুষের মাঝে একটি করে লুঙ্গি বিতরণ করেন। নতুন শাড়ি ও লুঙ্গি পেয়ে নিম্ন আয়ের পরিবারগুলোতে ঈদের আনন্দ বিরাজ করছে।
উল্লেখ্য, প্রতিবছর ঢাকাস্থ প্লাস্টিক শিল্পের উদ্যোক্তা ও ব্যবসায়ী হাজী মোশারফ জাকাতের ফান্ড থেকে শাড়ি ও লুঙ্গি ছাড়াও বছরজুড়ে ব্যক্তি ও পরিবারকে আর্থিক সহায়তা, চিকিৎসা সহায়তা, বিভিন্ন সামাজিক, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যক্তিগত তহবিল থেকে প্রচুর পরিমাণ আর্থিক সহযোগিতা করে আসছেন।