ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে অভিযান চালিয়ে ৭৮ হাজার ৫০০ টাকার জাল নোটসহ শফিকুল ইসলাম (৩৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২ মে) সকাল নয়টার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের নকশী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শফিকুল ময়মনসিংহের হালুয়াঘাট থানার মাঝরাকুড়া কড়ইতলা গ্রামের আব্দুল সাত্তারের ছেলে। অভিযানে তার কাছ থেকে ১ হাজার টাকার ৪৯টি ও ৫০০ টাকার ৫৯টি জাল নোট উদ্ধার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে থানার ওসি মনিরুল আলম ভুঁইয়ার নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক সঙ্গীয় পুলিশ সদস্যসহ সকাল নয়টার দিকে নকশী ব্রিজের ওপর অভিযান চালিয়ে ৭৮ হাজার ৫০০ টাকার জাল নোটসহ শফিকুলকে আটক করা হয়।
এ বিষয়ে ঝিনাইগাতী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।