
শেরপুর : শেরপুরের গাজীর খামার বাজারে সাথী স্টোর নামে একটি খুচরা বিক্রেতার দুইটি গোডাউন ও বাসা থেকে পাঁচ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অবৈধভাবে তেল মজুদ ও বেশি দামে বিক্রির দায়ের ওই দোকানীকে ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়।
অন্যদিকে, জেলার নালিতাবাড়ী উপজেলার রাজনগর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫ টন পরিমাণ সয়াবিন তেল মজুদ পাওয়ায় জড়িত দুই সহোদরকে ৭০ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ মে) সকালে সকালে শেরপুর সদর উপজেলার গাজীর খামার বাজারে সাথী স্টোর নামে একটি দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সাথী স্টোরের মালিক আবু সায়েম সাথী’র বাসা ও দুইটি গুদাম থেকে কার্টুন ভর্তি বিভিন্ন ব্র্যান্ডের প্রায় পাঁচ হাজার লিটার সয়াবিন তেল পাওয়া যায়। মজুতকৃত তেলের বোতলে তিন মাসে আগের মূল্য লেখা রয়েছে। তবে মূল্যের সীল কৌশলে উঠিয়ে নতুন মূল্য নির্ধারণ করে প্রতি লিটার সয়াবিন দুই’শ থেকে দুই’শ দশ টাকা মূল্যে বিক্রি করছেন ওই দোকানী। ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুইটি ধারায় ওই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত পাঁচ হাজার লিটার সয়াবিন উপস্থিত জনসাধারণের মাঝে বোতলের গায়ের মূল্যে বিক্রি করা হয়।
অন্যদিকে বুধবার (১১ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর গ্রামে জনৈক ব্যবসায়ী এনামুলের বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন। অভিযানকালে এনামুলের নামে আমদানীকৃত কার্টন ভর্তি প্রায় ৫ টন পরিমাণ বোতলজাত ভোজ্যতেল মজুদ অবস্থায় পাওয়া যায়। পরে জড়িত এনামুলের দুই সহোদর আনোয়ার হোসেন ও নজরুল ইসলাম সেলিমকে ৭০ হাজার টাকা অর্থদ- করা হয়। এছাড়াও মজুদকৃত ওই তেল পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে খোলা বাজারে বিক্রির নির্দেশ প্রদান করা হয়।