
শেরপুর: সারাদেশের ন্যায় চলমান অভিযানের অংশ হিসেবে এবার শেরপুর জেলাজুড়ে শুরু হয়েছে ভোজ্যতেল জব্দে অভিযান। অভিযানে পৃৃথক অভিযানে প্রায় ১৫ হাজার লিটার মজুদকৃত ভোজ্যতেল উদ্ধার করা হয়েছে।
মধ্যে শেরপুর সদরের গাজীরখামার বাজারের সাথী স্টোর নামে একটি খুচরা বিক্রেতার দু’টি গোডাউন ও বাসা থেকে ৫ হাজার লিটার, ঝিনাইগাতীর তিনানী বাজারের সততা স্টোর ও নাজমুল এন্ড ব্রাদার্স থেকে প্রায় ৪ হাজার লিটার, শ্রীবরদী পৌর এলাকার হাজী ট্রেডার্সে প্রায় ১ হাজার লিটার এবং নালিতাবাড়ীর রাজনগর টেংরাখালি এলাকার দুই সহোদর ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৫ হাজার লিটার ভোজ্যতেল উদ্ধার করা হয়েছে।
গাজীর খামার বাজারের সাথী স্টোর থেকে ভোজ্যতেল উদ্ধারের ঘটনায় জড়িত ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। মজুদকৃত তেলগুলোর বোতলে তিন মাসে আগের মূল্য লেখা থাকা সত্বেও সীল কৌশলে উঠিয়ে নতুন মূল্য নির্ধারণ করে বিক্রি করছিলেন ওই দোকানী। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শেরপুরের সহকারী পরিচালক রুবেল আহমেদ এ অভিযান পরিচালনা করেন।
এদিকে একই দিন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ ও সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদিনের নেতৃত্বে একটি আভিযানিক দল উপজেলার তিনানী বাজারের সততা স্টোর ও নাজমুল এন্ড ব্রাদার্স-এ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এসময় এ দুই প্রতিষ্ঠান থেকে প্রায় ৪ হাজার লিটার মজুদকৃত সয়াবিন উদ্ধার করা হয় এবং অবৈধভাবে মজুদ করার কারণে ভোক্তা অধিকার আইন লংঘনের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানের অংশ হিসেবে শ্রীবরদীর পৌর শহর এলাকায় হাজী ট্রেডার্স নামে এক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে একই অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় এ প্রতিষ্ঠান থেকে আনুমানিক ১ হাজার লিটার ভোজ্যতেল জব্দ করা হয়। শ্রীবরদীর সহকারী কশিনার (ভূমি) আতাউর রহমান এ অভিযান পরিচালনা করেন।
অন্যদিকে বুধবার সন্ধ্যায় নালিতাবাড়ী উপজেলার রাজনগর এলাকার ব্যবসায়ী এনামুলের বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন। অভিযানকালে কার্টন ভর্তি প্রায় ৫ হাজার লিটার বোতলজাত ভোজ্যতেল মজুদ অবস্থায় পাওয়া যায়। পরে জড়িত সহোদর দুই ভাই আনোয়ার হোসেন ও নজরুল ইসলাম সেলিমকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।