
গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার ও মোটরসাইকেলে মধ্যে সংঘর্ষে একই পরিবারের তিনজন, স্বামী-স্ত্রী ও প্রেমিক-প্রেমিকাসহ ৯ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ২৪ জন।
শনিবার (১৪ মে) সকাল ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামের ফিরোজ মোল্লা, তার স্ত্রী রুমা বেগম, অনিক মিয়া, জেসমিন আক্তার, গোপালগঞ্জ শহরের ডা. বাসুদেব সাহা তার স্ত্রী শিবানী সাহা, ছেলে স্বপ্নীল সাহা ও প্রাইভেট চালক ঢাকার আদাবর থানার দোয়ারী এলাকার আ. রশিদ মিয়ার ছেলে মো. আজিজ মিয়া ও অজ্ঞাত (৪০)।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অসুস্থ মাকে দেখতে ব্যক্তিগত একটি প্রাইভেটকারে করে নিহত বারডেম হাসপাতালের ডাক্তার বাসুদেব সাহা স্ত্রী ও সন্তানকে নিয়ে ঢাকা থেকে গোপালগঞ্জ আসছিলেন। এসময় কাশিয়ানীর ফুকরা থেকে একটি মোটর সাইকেলে করে অনিক মিয়া ও জেসমিন আক্তার গোপালগঞ্জ শহরের দিকে আসছিলেন। এতে ঘটনাস্থলে প্রাইভেটকার ও মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় পিছন দিক থেকে আসা বরগুনার পাথরঘাটা থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একট যাত্রবাহী বাস অপর একটি নসিমনকে সাইড দিতে গেলে প্রাইভেটকারের সঙ্গে বাসের সংঘর্ষ ঘটে। এসময় প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে মহাসড়কের পাশে ধান মাড়াইরত মেশিনের ওপর ছিটকে পড়ে এবং যাত্রীবাহী বাসটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে ডাক্তার বাসুদবে সাহা, তার স্ত্রী ও সন্তানসহ ৭ জন ঘটনাস্থলে নিহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল ও কাশিয়ানী হাসপাতালে পাঠায়। এসময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান। গুরুতর আহত কলি খানম, দিদার শরীফ, বদর মিয়া, সোবাহান, বায়েজীদ, আর্জু বেগম, কালাম মিয়া, মাহফুজ, কামরুল, ফারুক, মাসুম মোল্লা, হীরা, হাওয়া বেগম, হোসাইন, আঃ রহমান, জোহরা, এসমোতারা, আলিফ, সিফাতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
খবর শুনে জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা ও কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সড়ক দুর্ঘটনার পর ঢাকা-খুলনা সহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানিয়েছেন, মহাসড়কে ধান মাড়াই ও দ্রুত গতির কারনে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার-সার্ভিস, পুলিশ, জেলা প্রশাসন ও স্থানীয়রা দুর্ঘটনায় নিহত ও আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। আমি দুর্ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে নিহত ও আহতদের খোঁজ খবর নিয়েছি। আহতদের সঠিক চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসকদের নির্দেশ দিয়েছি।
তিনি আরও বলেন, নিহতদের পরিবার প্রতি ১০ হাজার টাকা ও আহতদের প্রত্যেককে চিকিৎসার জন্য ৫ হাজার টাকা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হবে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।