1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

সরকারী প্রকল্পের পাওয়ার টিলার নিয়ে বিভ্রাট-দ্বন্দ্ব

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ জুন, ২০২৬

শেরপুর প্রতিনিধি :
সরকারী প্রকল্পের বরাদ্দকৃত পাওয়ার টিলার নিয়ে সমিতির সদস্যদের মাঝে দেখা দিয়েছে বিভ্রাট ও দ্বন্দ্ব। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ‘বুড়ি ভোগাই খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’র সদস্যদের মাঝে চলমান এ দ্বন্দ্বে ইতিমধ্যেই পাল্টাপাল্টি দুই দলে বিভক্তি দেখা দিয়েছে। এমতাবস্থায় সরকারী বিধিঅনুযায়ী পাওয়ার টিলারের সুষ্ঠু ব্যবস্থাপনা করে এ দ্বন্দ্বের অবসান প্রত্যাশা করেছেন সাধারণ সদস্যরা।

সূত্রমতে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র আওতায় ‘ক্ষুদ্রকায় পানি সম্পদ উন্নয়ন প্রকল্প-২’ এর অধীনে চলতি অর্থবছর (২০২৫-২০২৬) শেরপুরের ঝিনাইগাতির একটি ও নালিতাবাড়ীর তিনটি পানি ব্যবস্থাপনা সমিতির উন্নয়নকল্পে মোট ১৩টি পাওয়ার টিলার বা হালচাষের ট্রাক্টর বরাদ্দ দেয় সরকার। বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত এসব পাওয়ার টিলার হস্তান্তরের ক্ষেত্রে সমিতির পক্ষ হতে প্রতিটি পাওয়ার টিলারের মূল্যের শতকরা ৫ ভাগ হিসেবে এফডিআর করার কথা রয়েছে। সে হিসেবে চলতি জুন মাসের গেল সপ্তাহে ঝিনাইগাতির ‘মহারশি রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’র নামে বরাদ্দকৃত ৪টি পাওয়ার টিলার বিতরণ শেষ হয়। যা পরবর্তীতে নিলামের মাধ্যমে প্রতিটি ৪৫ হাজার টাকা বছর চুক্তিতে সমিতির ৪ জন সদস্যের মাঝে দেওয়া হয়। ২৯ জুন নালিতাবাড়ীর ‘রঞ্জনা ঝর্ণা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’র বরাদ্দকৃত ৩টি পাওয়ার টিলারের একটি ৩১ হাজার এবং অপর ২টি ৩০ হাজার টাকা করে বছর চুক্তিতে ৩ জন সদস্যের মাঝে প্রদান করা হয়।

এদিকে ‘সুতিয়ারখাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’র নামে বরাদ্দকৃত ৩টি পাওয়ার টিলার ও ‘বুড়ি ভোগাই খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’র নামে বরাদ্দকৃত মোট ৬টি পাওয়ার টিলার কমিটির কাছে হস্তান্তর করা হলেও এখনো নিলাম সম্পন্ন করা হয়নি। ইতিমধ্যেই ‘বুড়ি ভোগাই খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’র সদস্য ইমাম হাসান লিটন, আমজাদ আলী ও আবু বক্কর সিদ্দিক প্রায় ১২ হাজার করে মোট প্রায় ৩৬ হাজার টাকা কৃষি ব্যাংক কাকরকান্দি শাখায় তিন বছরের জন্য এফডিআর করে হস্তান্তর গ্রহণ করেছেন। বর্তমানে এডহক কমিটি দিয়ে চলমান এই সমিতির দায়িত্বশীলরা অন্যান্য সদস্যদের সাথে আলোচনা না করেই এমন সিদ্ধান্ত নেওয়ায় ক্ষোভে ফুসছেন অন্যান্য সদস্যরা। এরই প্রেক্ষিতে গত শনিবার (২৭ জুন) দুপুরে বেলতৈল বাজারস্থ সমিতির কার্যালয়ে তারা সভা আহবান করেন। সভায় উপস্থিত সদস্যরা অভিযোগ তুলেন, সমিতির বর্তমান সদস্য সংখ্যা প্রায় সাড়ে ৪শ এর উপরে থাকলেও এডহক কমিটির দায়িত্বশীলরা কারও সাথে কোনপ্রকার পরামর্শ করেননি। উপরন্তু সমিতির নামে বরাদ্দকৃত পাওয়ার টিলার তাদের পছন্দমতো ব্যক্তিদের মাধ্যমে পরিচালনা করছেন। এসময় তারা সাবেক কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের বিরুদ্ধেও নানা অনিয়মের অভিযোগ তুলেন।

বর্তমান এডহক কমিটির সভাপতি ইমাম হাসান লিটন জানান, সময় কম থাকায় তাড়াহুড়া করে কর্মকর্তাদের নিয়ে সভা ডেকে আমরা তিনজন মিলে এফডিআর করে পাওয়ার টিলারগুলো বুঝে নিয়েছি। পরবর্তীতে সবাইকে ডেকে নিলামে এটি পরিচালনা করা হবে। যেহেতু সমিতির নিজস্ব ফান্ড থেকে টাকা উত্তোলনের সুযোগ নেই এবং সমিতির হাতে বাড়তি কোন টাকাও ছিল না। তাই আমরা তিনজন এফডিআর এর টাকা পরিশোধ করেছি। যারা অভিযোগ তুলছেন, তারা না বুঝেই দোষারূপ করছেন।

এ বিষয়ে শেরপর-জামালপুরের দায়িত্বে থাকা প্রকল্পের এগ্রিকালচার ফ্যাসিলিটেটর কৃষিবিদ আসাদুজ্জামান জানান, যথাসময়ে হস্তান্তর না করলে পাওয়ার টিলারগুলো সরকারের কাছে ফেরত যেতো। তাই তাৎক্ষণিক এডহক কমিটির সভাপতির কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে তারা সময় দিলে প্রকাশ্যে নিলামে সমিতির সদস্যদের মাঝে সর্বোচ্চ দরদাতাকে পরিচালনার জন্য দেওয়া হবে। চুক্তির ওই টাকা সমিতির সদস্যদের কল্যাণে কাজে লাগানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com