
ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে বন্যপ্রাণী জীবিত তক্ষকসহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব-১৪। শনিবার (১৪ মে) বিকেলে উপজেলার ঘাগড়া তেঁতুলতলা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলো- ঢাকার মগবাজারের নয়াটোলা এলাকার মৃত আশরাফুল করিমের ছেলে সিরাজুল করিম (৩৮) ও শেরপুর সদরের মির্জাপুর কান্দিপাড়া এলাকার মৃত শাহ মাহমুদের ছেলে রফিকুল ইসলাম (৩৫)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল ঘাগড়া তেঁতুলতলা বাজারস্থ সুচনা হার্ডওয়ার এন্ড ভ্যারাইটিজ স্টোরের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এসময় জীবিত একটি তক্ষকসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
র্যাব আরও জানায়, আটককৃতদের তথ্যমতে উদ্ধারকৃত তক্ষকের আনুমানিক মূল্য প্রায় ত্রিশ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার বিভিন্নস্থানে বন্যপ্রাণী তক্ষক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল এই চক্রটি। তাদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করেছে।