
শেরপুর : শেরপুর জেলায় একই দিনে পৃথক সময়ে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুসহ তিনজন মারা গেছে। শনিবার (১৪ মে) পৃথক সমরেয় পৃথক এলাকায় এসব ঘটনা ঘটে।
সকালে জেলার নকলা উপজেলার উরফা ইউনিয়নের সালখা দক্ষিণপাড়া নতুন মসজিদে আজান দিতে যায় আবু সাইধ (১৪) নামে এক কিশোর। এসময় আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকা মাইক্রোফোন ধরা মাত্রই সাঈদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাঈদ ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে।
এদিকে একইদিন বেলা দুইটার দিকে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা কুমড়ি মুদীপাড়া গ্রামের বিল্লাল হোসেন তার শ্বশুরবাড়ি ঝিনাইগাতি উপজেলা মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যায়।
জানা গেছে, বৃষ্টিতে বিল্লালের শ্বশুর আমির হামজার পুকুর তলিয়ে যাওয়ার উপক্রম হয়। ফলে দুপুরে বৈদ্যুতিক মোটর দিয়ে পুকুরের পানি নিস্কাশন করে মাছ ধরতে যান বিল্লাল। একপর্যায়ে বৈদ্যুতিক মোটরের সুইচ বন্ধ করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতের তার বিচ্ছিন্ন হয়ে শরীরের উপর পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বিল্লালের।
অন্যদিকে শনিবার দিবাগত রাত নয়টার দিকে শেরপুর শহরের মোবারকপুর মহল্লায় নিজ ঘরে গৃহস্থালি কাজ করতে গেলে ঘরে রাখা ফ্রিজের সংযোগ থেকে বিদ্যুতায়িত হওয়া টিনের বেড়ায় জড়িয়ে মারা যান আরও সমী বেগম (৩৬) নামে এক গৃহবধূ। সে ওই মহল্লার কাবলু মিয়ার স্ত্রী।