
শ্রীবরদী (শেরপুর): শেরপুরের শ্রীবরদীতে নিজের মাছের খামারে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে মারা গেছেন এনামুল হক (৫০) নামে এক খামারী।
রোববার বেলা ১১টার দিকে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের কামারদহ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত এনামুল হক ওই গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে।
জানা যায়, বেলা ১১টার দিকে এনামুল হক বাড়ির পাশে নিজের মাছের খামারে বিদ্যুতের লাইন মেরামত করতে যান। এসময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।