
নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় আরিয়ান নামে দশ মাস বয়সী এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
রোববার (১৫ মে) সন্ধ্যায় উপজেলার পাঁচকাহনীয়া এলাকার একটি গোয়ালঘর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। আরিয়ান পূর্ব লাভা খন্দকার বাড়ি এলাকার সজল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বিয়ের কিছু দিন পর থেকেই আরিয়ানের মা আইরিন বেগম ছেলেকে নিয়ে তার বাবা আইয়ুব মাস্টারের বাড়ি পাঁচকাহনীয়া গ্রামে থাকেন। আজ দুপুরে মামা জিহান আরিয়ানকে কোলে নিয়ে বাইরে বের হয়ে নিখোঁজ হন।
এদিকে, ছেলে আরিয়ানকে খোঁজতে থাকে স্বজনরা। কিন্তু শিশু ও মামা জিহানকে খোঁজে না পাওয়ায় স্থানীয় কয়েকটি মসজিদে মাইকিং করা হয়। একপর্যায়ে সন্ধ্যায় নানার বাড়ির গোয়াল ঘরে একটি বস্তা দেখতে পায় স্বজনেরা। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই বস্তা খোলে আরিয়ানকে দেখে। এসময় দ্রুত তারা আরিয়ানকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, ঘটনার পর মামা জিহান পলাতক রয়েছে। ধারণা করা হচ্ছে, মামা জিহান শিশু ভাগ্নেকে হত্যা করে বস্তাবন্দি করে পালিয়েছে। এলাকাবাসী জানিয়েছেন, জিহান মাদকাসক্ত।