
রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)র ৫১৩ কম্পিউটার অপারেটর নিয়োগ সংক্রান্ত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের গণিত শিক্ষক সাইফুল ইসলাম (৩৫)কে গ্রেফতারের পর তাকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৭ মে) প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আনোয়ার হোসেন তাকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন। অভিযুক্ত শিক্ষক সাইফুল ইসলামের বাড়ি মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামে। সে ওই গ্রামের আলতাফ গাজীর ছেলে। ২০১৪ সালে সাইফুল খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে চাকুরীতে যোগদান করেন। তার স্ত্রীও প্রাথমিকের সহকারী শিক্ষক।
তথ্য সূত্রে জানা যায়, মাউশির কম্পিউটার অপারেটর নিয়োগ সংক্রান্ত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ঢাকার ইডেন মহিলা কলেজ কেন্দ্র থেকে গ্রেফতার সুমন জোয়ারদার নামে এক চাকুরী প্রার্থীর তথ্যের ভিত্তিতে পটুয়াখালী থেকে শিক্ষক সাইফুল ইসলামকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারের পর গণমাধ্যমে দেয়া তার স্বীকারোক্তিমূলক বক্তব্যে মাউশির উচ্চপদস্থ কর্মকর্তা এলাকার এক বড় ভাইয়ের নির্দেশে তিনি উত্তর পত্র লিখে পাঠানোর কথা স্বীকার করেন। যদিও এ ঘটনার সাথে আরও অনেক রাঘব বোয়াল জড়িত বলে দাবী করেছে মহানগর ডিবি পুলিশ।
এদিকে শিক্ষক সাইফুলের গ্রেফতারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিক্ষকের এ জঘন্যতম অপরাধে ক্ষোভ ছড়িয়ে পড়ছে সাধারণ শিক্ষক ও অভিভাবকসহ সচেতন মহলে। তাদের দাবী অপরাধী সে যেই হোক তাকে আইনের আওতায় আনা উচিত।
খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, স্কুল ম্যানেজিং কমিটির মিটিং হয়েছে। এতে শিক্ষক সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষক সাইফুল মায়ের চিকিৎসার জন্য শনিবার একদিনের ছুটি নেয় বলে জানান তিনি।’
কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আটক অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্তের বিষয়টি প্রধান শিক্ষক তাকে অবগত করেছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জসিম জানান, ডিবি পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। এ বিষয়ে আমরা তৎপর আছি।