
ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে ৪৪ বোতল বিদেশী মদসহ শাহজাহান মিয়া ওরফে সজীব (২৪) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১৪। আটককৃত যুবক নালিতাবাড়ী উপজেলার সমশ্চূড়া গ্রামের আবেদ আলীর ছেলে।
গতকাল মঙ্গলবার (১৭ মে) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার রাংটিয়া বাজার এলাক থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১৪, জামালপুর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া বাজারের সোনার বাংলা স্টোরের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ৪৪ বোতল বিদেশী মদসহ সজীবকে আটক করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক মূল্য ২২ হাজার টাকা। পরে তার বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সজীব জানায়, সে দীর্ঘদিন যাবত দেশের বিভিন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।