
ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে সরকারীভাবে বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২২ শুরু করা হয়েছে।
বুধবার (১৮ মে) দুপুরে উপজেলা খাদ্য গুদাম চত্বরে এ ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন।
এসময় অন্যান্যের মধ্যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খোরশেদুজ্জামান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) গোলসানা খাতুন, উপজেলা মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আসলাম মিয়া, সদর ইউপি সদস্য জাহিদুল হক মনিরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খোরশেদুজ্জামান জানান, চলতি মৌসুমে ঝিনাইগাতী উপজেলায় ১ হাজার ৮০২ মেট্রিকটন চাল এবং ১ হাজার ৯১২ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি মৌসুমে সরকারীভাবে প্রতিকেজি চাল ৪০ টাকা এবং প্রতিকেজি ধানের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা। ঝিনাইগাতী উপজেলার চুক্তিবদ্ধ ১৩ চালকল মালিক সরকার নির্ধারিত মূল্যে এসব চাল সরবরাহ করবে।
এছাড়াও তিনি আরও জানান, অ্যাপসের মাধ্যমে আবেদনকৃত একজন কৃষক সর্বোচ্চ ৩ টন ধান গুদামে বিক্রয় করতে পারবে। ঝিনাইগাতীতে সরকারীভাবে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন