
নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় গ্রাহকের কাছ থেকে বিদ্যুতের খুঁটি প্রতি ২-৩ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে বাংলাদেশ পাওয়ার ডেভলপমেন্ট বোর্ড (বিপিডিবি)’র আবাসিক প্রকৌশলী’র নকলা কার্যালয়ের মিটার রিডার মো. হান্নান মিয়া ও ঠিকাদারী প্রতিষ্ঠান এর বিরুদ্ধে।
বিদ্যুতের গ্রাহক ভ্যান চালক বাবুল মিয়া জানান, নকলা পৌরসভাধীন চরকৈয়া দক্ষিণপাড়া আহলে হাদিস জামে মসজিদের পাশে বাড়িতে আমরা চার পরিবার বসবাস করি। কিন্তু বিদ্যুৎ অফিসে একাধিকবার ধরণা দিয়েও বিদ্যুতের খুঁটি স্থাপন করতে পারেনি। পরে ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা শাহাদাৎ হোসেন ও মিটার রিডার হান্নানকে স্থানীয় একজনের মাধ্যমে ২ হাজার টাকা দেই।
শফিউল বলেন, দূর থেকে বাঁশের খুঁটির মাধ্যমে লাইন টেনে এতদিন চলছিলাম। ঠিকমতন ভোল্টেজ না পাওয়ার কারনে কয়েকবার সেচের মোটর পুড়ে গেছে। বিদ্যুৎ অফিসে মৌখিক ও লিখিতভাবে অনেকবার আবেদন করেও কোন খুঁটি পাইনি। পরে মিটার রিডার হান্নান ১০ হাজার টাকা নেয় ঠিকাদারী প্রতিষ্ঠানের লোক শাহাদাৎকে দিয়ে খুঁটির ব্যবস্থা করিয়ে দিবে বলে।
সেচ পাম্পের মালিক শরিফ ও বারেক বলেন, বাঁশের খুঁটি দিয়ে দূর থেকে লাইন টানার কারনে ভোল্টেজ একদম কম থাকে। এ কারনে সেচের মোটর বছরে ১-২ বার পুড়ে যায়। টাকা ছাড়া বিদ্যুতের খুঁটি দিবে না বলে জানায় মিটার রিডার হান্নান মিয়া। পরে হান্নান মিয়া জানায় আমাকে টাকা দিলে ঠিকাধারী প্রতিষ্ঠানের শাহাদৎ দিয়ে বিদ্যুতের খুঁটির ব্যবস্থা করে দিব। পরে আমরা বাধ্য হয়ে টাকা দেই।
একইভাবে মিটার রিডার হান্নান ও ঠিকাদার প্রতিষ্ঠানের শাহাদাৎ হোসেন কৌশলে সালাম, মানিক, লতিফ, রিয়াজ, রুবন, নান্ডু ও গিয়াস উদ্দিনসহ আরও অনেকের কাছ থেকে খুঁটির জন্য টাকা নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মুজিব শতবর্ষে নকলায় ‘ঘরে ঘরে বিদ্যুৎ’ পৌছানোর লক্ষ্যে বিদ্যুৎ বিতরণ, পরিবর্ধন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় বিদ্যুতের খুঁটি বসানোর কাজ শুরু হয়। খুঁটি স্থাপন করার কাজ পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠানটি মেইন লাইনসহ সাইড লাইনে নতুন সিমেন্টের তৈরি বিদ্যুতের খুঁটি স্থাপন করবে। এদিকে দরপত্রের মাধ্যমে খুঁটি বসানোর কাজ পাওয়া ঠিকাদারী প্রতিষ্ঠানটি গ্রাহকদের কাছ থেকে খুঁটি প্রতি ২-৩ হাজার টাকা করে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
এ ব্যপারে মিটার রিডার হান্নান মিয়া ও ঠিকাদার প্রতিষ্ঠানের শাহাদাৎ হোসেনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) মো. ছোরহাব আলী জানান, সরকারী খুঁটি বসানোর জন্য গ্রাহকের কাছ থেকে টাকা নেওয়ার বিধান নেই। এ ব্যাপারে যদি লিখিত অভিযোগ পাই এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের কোন লোক ও বিদ্যুৎ বিভাগের কেউ টাকা নিয়ে থাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, বিদ্যুতের খুঁটির জন্য টাকা নিচ্ছে, এমন মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।