
নালিতাবাড়ী (শেরপুর) : বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিউটের (বিজেআরআই) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কৃতি সন্তান কৃষিবিজ্ঞানী ড. আবদুল আউয়াল।
গত ২৯ মে রোববার কৃষি মন্ত্রণালয়ের গবেষণা-৩ অধিশাখার উপ-সচিব দিল আফরোজা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে চলতি দায়িত্ব হিসেবে ওই নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএনআরসি) সদস্য পরিচালক ছিলেন।
জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার রানীগাঁও গ্রামের আব্দুল মাওলা ও গুলেছা খাতুনের ৮ সন্তানের মধ্যে চতূর্থ সন্তান ড. আবদুল আউয়াল। তিনি ১৯৮৬ সালে তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৮৮ সালে শহীদ নাজমুল স্মৃতি কলেজ থেকে এইচএসসি পাসের পর ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর যুক্তরাষ্ট্রের কর্ণেল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি চাকরি জীবনে বিভিন্ন ক্ষেত্রে একজন মেধাবী ও যোগ্য কর্মকর্তা হিসেবে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন। ব্যক্তিগত জীবনে তিনি ৩ মেয়ে সন্তানের জনক এবং স্ত্রী শেফালী খাতুন একজন গৃহিণী।
বিজেআরআই’র মহাপরিচালক নিযুক্ত হওয়ায় এক প্রতিক্রিয়ায় কৃষিবিজ্ঞানী ড. আবদুল আউয়াল কৃষিবান্ধব সরকারের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকসহ সরকারের সংশ্লিষ্ট উর্ধ্বতন মহলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।