
শেরপুর : শেরপুরে ট্রাকের ধাক্কায় মাসুদ রানা (২২) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুন) সকালে সদর উপজেলার বাজিতখিলা মির্জাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ পার্শ¦বর্তী কুমরী তেঘরিয়া গ্রামের মতিউর রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে নয়টার দিকে কুমরী তেঘরিয়া গ্রামের মতিউর রহমানের ছেলে তাতালপুর মডেল টেকনিক্যাল এন্ড বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থী মোটরসাইকেলযোগে পরীক্ষা দিতে কলেজে যাচ্ছিল। শেরপুর-ঝিনাইগাতী মহাসড়কের মির্জাপুর বড় মসজিদের কাছাকাছি একটি অটোরিকশার পেছনে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিন মাসুদ। হঠাৎ অটোরিকশটি দাঁড়িয়ে পড়লে অটোরিকশাকে পাশ কেটে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির আম বোঝাই একটি মিনিট্রাক মোটরসাইকেলকে চাপা দিয়ে উল্টে যায়। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মাসুদ রানার।
খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ট্রাকের নিচ থেকে মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। ট্রাক চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।