
হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে অতিরিক্ত ধান মজুদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়েছে।
বুধবার সকালে উপজেলার ধারা বাজার ধান মহল ও বিভিন্ন রাইস মিলে এ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানকে স্বাগত জানিয়ে সাধারণ কৃষকরা বলেন, খুচরা বাজারে মোটা চালও ৫০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না।
অথচ কৃষক পর্যায়ে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত হয়নি। ফলে মাঠ পর্যায়ের কৃষকরা ঠকলেও চালের অসাধু ব্যবসায়ীরা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। এ অবস্থায় ধান-চালের অবৈধ মজুদকারীদের বিরুদ্ধে প্রশাসনের এমন উদ্যোগ খুবই প্রশংসনীয়। পাশাপাশি ৪০ কেজিতে মণ হিসেবে ব্যবসায়ীরা যেন ধান ক্রয় করেন, তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান কৃষকরা।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুর রহমান বলেন, অতিরিক্ত ধান কোন ব্যবসায়ী ও মিল মালিক মজুদ না করতে পারে এ বিষয়ে আমরা সতর্ক অবস্থানে আছি। উপজেলার বিভিন্ন এলাকায় মিলগুলোতে প্রথমদিন আমরা এ অভিযান পরিচালনা করেছি।
এ সময় তিনি আরও জানান, মিলগুলোতে অতিরিক্ত ধান মজুদ না করার বিষয়ে অভিযানে মিল মালিকদের সতর্ক করা হয়। পাশাপাশি যে সকল ব্যবসায়ীর ট্রেড লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্রের মেয়াদ শেষ পর্যায়ে তাদের দ্রুত সময়ের মধ্যে লাইসেন্স নবায়ন করতে বলা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
এ সময় উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মুনতাসরি মামুন উপস্থিত ছিলেন।