
হালুয়াঘাট (ময়মনসিংহ): মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও তার প্রেস সচিব নবীন কুমার জিন্দাল বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হালুয়াঘাট পৌরশহর ও ধারা বাজারে বিক্ষোভ মিছিল করেছে মুসল্লিরা।
শুক্রবার (১০জুন) জুমার নামাজের পর পৌর শহরের শহীদ মিনার থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় উলামা পরিষদের সভাপতি মুফতি আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, শায়খুল হাদিস আল্লামা ইউনুস আলী, মাওলানা মোকারম হোসাইন, মাওলানা আবুল বাশার, মুফতি নূর মোহাম্মদ, মুফতি আবুজর হযরত পূরী, মাওলানা নূরুল হুদা, মুফতি বেলাল হোসাইন, মাওলানা উসমান গনি, মাওলানা তরিকুল্লাহ আশরাফী, মাওলানা আলী আকবর, মুফতি মাহদী হাসান প্রমূখ।
এদিকে একই দাবিতে উপজেলার ধারা বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ধারা বাজার জামে মসজিদ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ধারা উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন, জামিয়া হুসাইনিয়া দারুল উলুম মাঝিয়াইল মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা নূর হোসাইন, ধারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ বিপ্লব প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়া সৃষ্টি করতেন না, সেই প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) সম্পর্কে তাদের এই কটূক্তি, আমাদের হৃদয়ে রক্তক্ষরণের সৃষ্টি করেছে । ইতিহাস সাক্ষী নবীর বিরুদ্ধে যারাই কটূক্তি করেছে, তাদের শেষ রক্ষা হয়নি। তারা লাঞ্ছিত, অপমানিত ও অপদস্থ হয়েছে। আমরা বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও তার প্রেস সচিব নবীন কুমার জিন্দাল’র বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।