
স্টাফ রিপোর্টার : ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে শুক্রবার (১০ জুন) বাদ জুম্মা বিক্ষোভ মিছিল করেছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নীবাজার মার্কাজ মসজিদের মুসল্লী ও তৌহিদী জনতার ব্যানারে সর্বস্তরের মুসলিমরা।
শুক্রবার নামাজের পর উপজেলার নন্নী বাজার মার্কাজ মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় ‘বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান, ‘ইসলামের শত্রুরা, হুঁশিয়ার সাবধান, ইত্যাদি স্লোগান দেন সর্বস্তরের তৌহিদী মুসলিম জনতা।
সভায় বক্তব্য রাখেন- নন্নী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন চৌধুরী, সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান রিটন, নন্নী বাজার মার্কাজ মসজিদের ইমাম ও খতিব মাও: মুফতি সালমান মুনির, মাও: হাফিজুর রহমান, শওকত আলী মাষ্টার, ইউপি মেম্বার ও নন্নী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, মাও: ফখরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মাহমুদ, মাও: আবু সাঈদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, রাসুলকে (সা.) নিয়ে মিথ্যাচার করেছেন বিজেপির দুই নেতা। এর প্রতিবাদে মুসলমানরা আজ জেগে উঠেছে সারা দুনিয়ায়।
সমাবেশে বিভিন্ন এলাকার হাজারো মানুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন নূপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন নাভিন কুমার জিন্দাল। এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।