
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ১৪৭ বোতল ফেনসিডিল ও দেশীয় অস্ত্রসহ ২ যুবককে আটক করেছে র্যাব-১৪ (জামালপুর-শেরপুর) ক্যাম্পের সদস্যরা।
রোববার (১২ জুন) ভোরে উপজেলা সদরের প্রধান সড়ক থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো উপজেলার শালমারা গ্রামের আরজ আলীর ছেলে মামুন মিয়া (৩৫) ও একই গ্রামের সোলাইমানের ছেলে ফিরোজ মিয়া (৩০)। একইদিন বিকেলে তাদের দুজনকে নালিতাবাড়ী থানায় সোপর্দ করেছে র্যাব।
জানা গেছে, রোববার (১২ জুন) ভোর পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার এমএম সবুজ রানার নেতৃত্বে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের পাকা রাস্তায় অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় মামুন মিয়া ও ফিরোজ মিয়াকে একটি রাইফেল সদৃশ্য দেশীয় অস্ত্র, একটি দেশীয় চাকু ও ১৪৭ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ২ লাখ ২০ হাজার পাঁচশত টাকা।
এ ব্যাপারে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় র্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় মাদক ও অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বছির আহমেদ বাদল জানান, এ ঘটনায় থানায় বিশেষ ক্ষমতা আইন ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।