
শেরপুর : শেরপুরে সিএনজি চাপায় পারভেজ হাসান (২৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (১৩ জুন) দুপুরে শহরের সজবরখিলা এলাকায় তালুকদার এন্টারপ্রাইজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারভেজ শহরের শীতলপুর এলাকার বাসিন্দা ও শ্রীবরদী উপজেলার খরিয়াকাজীরচর এলাকার কামরুল হুদার ছেলে। এদিকে ঘাতক সিএনজিটি আটক করা হলেও এর চালক কৌশলে পালিয়ে গেছে।
জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে পারভেজ হাসান শেরপুর শহরের খোয়ারপাড়-নিউমার্কেট সড়কের সজবরখিলা এলাকায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান তালুকদার এন্টারপ্রাইজের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে পারভেজ হাসানকে চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় আহত পারভেজকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে ফুলপুর এলাকায় মারা যান পারভেজ।