রফিকুল ইসলাম, যশোর : বেনাপোল স্থলবন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক থেকে ৭৪৯ বোতল ফেনসিডিল, ১৮৬ কেজি গাঁজা, বিপুল পরিমাণ বাজি, ওষুধ ও প্রসাধনী সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। তবে, এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (১৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে বন্দরের টার্মিনাল রোডের স্ক্যানিং মেশিনের সম্মুখ হতে এসব অবৈধ পণ্য উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
পুলিশের এএসপি নাভারণ সার্কেল জুয়েল ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, বেনাপোল টার্মিনাল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ট্রাক (WB 75-A5175) আটক করা হয়। পরবর্তীতে ট্রাক তল্লাশী করে ৭৪৯ বোতল ফেনসিডিল, ১৮৬ কেজি গাঁজা, বিপুল পরিমাণ বাজি, ওষুধ ও প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়।
এ ঘটনায় তদন্ত পূর্বক জড়িতদের আইনের আওতায় আনতে তল্লাশী অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।