
রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় লতাচাপলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদ্য পরাজিত মেম্বার প্রার্থীর ভাইয়ের মুক্তির দাবিতে মহিপুর থানা ঘেরাও করেছে বিক্ষুব্ধ সর্থকরা।
এসময় বিক্ষুব্ধ সমর্থকদের হামলায় ৩ পুলিশ সদস্য ও পুলিশের লাঠিচার্জে অন্তত ১৫ জন আহত হয়েছে। গত শুক্রবার (১৭ জুন) বিকেলে মহিপুর থানার সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লতাচাপলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের পরাজিত মেম্বর প্রার্থী জলিল ঘরামী ও তার ভাই খলিল ঘরামী ওই এলাকার মানুষকে মারধরসহ বিভিন্ন হুমকি দিয়ে আসছিল। এ ঘটনায় শুক্রবার বেলা দুইটায় ওই এলাকার কবির মোল্লার স্ত্রী শিউলী বেগম বাদী খলিল ঘরামীসহ বেশ কয়েকজনের নামে একটি মামলা করেন।
পরে পুলিশ তিনটার দিকে খলিলকে গ্রেফতারের পর জলিল তার প্রায় ৪শ সমর্থকদের নিয়ে থানা ঘেরাও করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে এসআই হালিম, কনস্টেবল ওবাইদুল ও মিলন আহত হয়।
তবে সমর্থকদের অভিযোগ, পুলিশ তাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। এ জন্য বিক্ষুব্ধ সমর্থকরা জীবন বাঁচাতে কিছু বিচ্ছিন্ন হামলা চালায় পুলিশের উপর।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আবুল খায়ের সাংবাদিকদের জানান, বর্তমানে পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।