
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎচালিত সেচপাম্পের তারে জড়িয়ে মঞ্জুরুল ইসলাম নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আনোয়ার হোসেন নামে আরও একজন।
রোববার (৩ জুলাই) সকাল ৯টার দিকে খড়িয়া কাজিরচর ইউনিয়নের ভাটি লঙ্গরপাড়া চরবন্দে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল নয়টার দিকে ভাটি লঙ্গরপাড়া চরবন্দে আমনের বীজতলা তৈরির জন্য সেচ দিতে যায় মনু মিয়ার কলেজ পড়ুয়া ছেলে মঞ্জুরুল ইসলাম ও তার চাচা আনোয়ার হোসেন। এসময় সেচপাম্পের মোটরের বৈদ্যুতিক সংযোগ সমস্যা দেখা দেয়। এ সময় মঞ্জুরুল তা ঠিক করতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। তাকে ছাড়াতে গিয়ে আহত হয় চাচা আনোয়ার হোসেন।