
শেরপুর : শেরপুরে পরীক্ষার ফল খারাপ হওয়ায় মায়ের বকুনি খেয়ে অভিমান করে সিলিংয়ের সাথে গলায় ওড়না পেঁচিয়ে কানিজ ফাতেমা কাশমি (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (৫ জুলাই) সকালে শহরের সিংপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোরী কানিজ ফাতেমা কাশমি ঝিনাইদহ জেলার আবুল কাশেমের মেয়ে ও শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির প্রভাতী ‘খ’ শাখার ছাত্রী। আবুল কাশেম শেরপুর আমিন অ্যান্ড কোম্পানিতে বিজনেস ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার (২ জুলাই) বিদ্যালয়ের অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে ওই কিশোরী ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পদার্থ ও জীব বিজ্ঞান’ এর সৃজনশীল পরীক্ষায় অকৃতকার্য হয়। ফলে লজ্জায় বিষয়টি বাড়ির কাউকে জানায়নি। পরদিন সোমবার এক বান্ধবীর কাছ থেকে কাশমির রেজাল্ট জানতে পারেন তার মা। পরে বাড়ি এসে মেয়েকে বকুনি দেন তিনি। এ ঘটনায় রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ে কিশোরী কাশমি। মঙ্গলবার কাল ৯টার দিকে বাবা আবুল কাশেম জামালপুর চলে যান। মেয়েকে বাড়িতে রেখে ছোট ছেলেকে নিয়ে মাদরাসায় চলে যান মা। পরে মা বাড়িতে এসে ঘরের দরজা খোলার জন্য মেয়েকে ডাকতে থাকেন। কোনো সাড়া শব্দ না পেয়ে বাড়ির মালিককে ডেকে আনেন। একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হান্নান মিয়া জানান, মায়ের তিরস্কারে কাশমি আত্মহত্যা করেছে। তার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।