
শ্রীবরদী (শেরপুর): শেরপুরের শ্রীবরদীতে পিকআপের চাপায় বিপুল মিয়া (২৫) নামে এক ট্রলি চালক নিহত হয়েছে। গেল রাতে উপজেলার গোশাইপুর ইউনিয়নের মাটিয়াকুড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিপুল উপজেলার তাতিহাটি ইউনিয়নের চককাউরিয়া গ্রামের মোঃ জমর উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিপুল মিয়া ট্রলি গাড়ী চালিয়ে জীবিকা নির্বাহ করে। মঙ্গলবার রাতে ট্রলি গাড়ী নিয়ে শেরপুর থেকে শ্রীবরদী আসতেছিলেন। এসময় মাটিয়াকুড়া এলাকায় আসলে গাড়ীর চাকার সমস্যা দেখা দেয়। পরে গাড়ি থামিয়ে রাস্তার পাশে চাকা ঠিক করার সময় শ্রীবরদী থেকে শেরপুরগামী একটি পিক-আপ দ্রুত গতিতে এসে বিপুলকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিপুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এসময় ময়মনসিংহ নেওয়ার পথে মারা যায় বিপুল মিয়া।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঘাতক সুলভ ইউপিভিসি পাইপ কোম্পানীর একটি পিকআপ আটক করা হয়েছে। তবে চালক কৌশলে পালিয়ে গেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।