
নালিতাবাড়ী (শেরপুর) : পয়তাল্লিশ বছর বয়সী মা ময়না বেগম নিজেদের পুকুরে গোসল সাড়লেন, ঘরে ফিরলেন, অতঃপর কাপড়-চোপড় পড়ে গোছালেনও। কিন্তু ২২ মাস বয়সী শিশু সাদনান ততক্ষণে পুকুরে ভেসে উঠলো লাশ হয়ে। অবশ্য অবুঝ এ শিশুটিও মায়ের অজান্তে প্লাস্টিকের মগ হাতে পুকুরে গোসল করতে গিয়েছিল।
হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটে সোমবার (১১ জুলাই) বেলা দুইটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাগিচাপুর গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের কৃষক মাসুম বিল্লাহ এর তিন সন্তানের মধ্যে সবার ছোট সাব্বির আহমেদ সাদনান। বেলা দুইটার দিকে বাবা মাসুম বিল্লাহ বাইরে ছিলেন। এক সন্তান মাথা ব্যথায় শোয়ে ছিল। আরেকজন কোথাও গিয়েছে। মা ময়না বেগম ছোট শিশু সাদনানকে ঘরে রেখে নিজেদের পুকুরে গোসল করতে যান। গোসল সেড়ে ঘরে ফেরার পরও সাদনান ঘরেই খেলা করছিল। এরপর কাপড়-চোপড় পড়ে শেষ করে দেখেন ঘরে সাদনান নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে মগের সাথে সাদনানের সলিল সমাধিও ভাসতে দেখা যায়।