
হালুয়াঘাট (ময়মনসিংহ): “সুশিক্ষিত তারুণ্য, আলোকিত ডাধংরা” এই স্লোগানকে সামনে রেখে ”পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ডাংধরা” (দেওয়ানগঞ্জ,জামালপুর) কর্তৃক নবীন বরণ, কৃতি সংবর্ধনা ও মিলন মেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের সোনাকুড়া গ্রামের এক গর্ভধারিনী মা মোছা. অবিরন নেছা’কে “রত্নগর্ভা মা” সম্মাননা স্মারক প্রদান করা হয়। তার ৬ জন ছেলে-মেয়ের মধ্যে ৪ জন দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছে।
ছেলে ড. মো. রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করে বর্তমানে সহযোগী অধ্যাপক হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন।
আরেক সন্তান মো. রেজাউল করিম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে অনার্স মাস্টার্স শেষ করে ৩১তম বিসিএস এর মাধ্যমে প্রশাসন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়ে বর্তমানে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনে কর্মরত আছেন। এর আগে তিনি হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
আরেক সন্তান ডাঃ এস এম আরিফুল ইসলাম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি শেষ করে বর্তমানে মেডিকেল অফিসার হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দেওয়ানগঞ্জে কর্মরত এবং মেয়ে নুরুন্নাহার নুরী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করেছেন।
গত ১১ই জুলাই ঈদুল আযহার দ্বিতীয়দিনে আয়োজিত অনুষ্ঠানে ওই ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত ১২ জন নবীন শিক্ষার্থীসহ এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানের আলোচনায় উপস্থিত ছিলেন ডাংধরা ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকমন্ডলী, দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পদে কর্মরত অ্যাসোসিয়েশনের উপদেষ্টামন্ডলী, অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অ্যাসোসিয়েশনের সদস্য সচিব জসীম উদ্দিন এবং সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সার্বিক সমন্বয়ক ডাঃ এস এম আরিফুল ইসলাম। সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের আহবায়ক জিয়া ও সদস্য ঐশিক।