
নালিতাবাড়ী (শেরপুর) : বালুবাহী একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নিচে থাকা খালে পড়ে গেছে। এতে আহত হয়েছে ওই ট্রাকে থাকা চালক ও হেলপার।
রোববার (১৭ জুলাই) দিবাগত রাত দশটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের রূপাকুড়া খালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য রতিন্দ্র রায় জানান, রাত দশটার দিকে জামালপুর থেকে একটি বালুবাহী ডাম্প ট্রাক চাটকিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজের জন্য আসছিল। পথিমধ্যে রূপাকুড়া খালের উপর থাকা জরাজীর্ণ অর্ধেক পাকা ও অর্ধেক হলোস্টিল দিয়ে জোড়াতালি দেওয়া ব্রিজে উঠতেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। এসময় ব্রিজের রেলিং ভেঙে প্রায় ২০ ফুট নিচে খালে পড়ে যায় ডাম্প ট্রাক। এতে ট্রাকের চালক ও হেলপার আহত হয়েছেন।
এদিকে দূর্বল ব্রিজটির রেলিং ভেঙে পড়ায় চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। তবে ঝুঁকি নিয়ে ছোট ছোট যান চলাচল করতে পারছে বলে জানান ওই উইপি সদস্য।