
রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কুয়াকাটায় একটি আবাসিক হোটেল রোজ গার্ডেন থেকে সাদিকা আক্তার রিচি (১৮) নামের এক নারী পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গত সোমবার রাত ১২টায় ওই হোটেলের চার তলার ডি-৩ নম্বর কক্ষ থেকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। হোটেলের রেজিস্ট্রার অনুযায়ী মৃত রিচি পরিচয় শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার শহিদুল ইসলামের মেয়ে। এ ঘটনায় রিফাত, রায়হান ও হোটেল ম্যানেজার ইমনকে আসামী করে আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে ৩ জনকে আটক করে কলাপাড়া আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ, হোটেল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, গত রোববার রাত নয়টায় রিচি ও রায়হান নামে দু’জন আরেক যুবকের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই হোটেলে ওঠেন। সোমবার রাতে রায়হানের সঙ্গে বাড়ি ফেরা নিয়ে রিচীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা দু’জনই চারতলা থেকে হোটেলের নিচে নামেন। এসময় হঠাৎ রিচী নিচ থেকে কক্ষে চলে আসেন। কিছুক্ষণ পর রায়হান এসে হোটেলের কক্ষ ভিতর থেকে আটকানো দেখে অনেক ডাকাডাকি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আবুল খায়ের জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।