
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরর নালিতাবাড়ী উপজেলার ৫নং রামচন্দ্রকুড়া-মন্ডলিয়াপাড়া ইউনিয়নের চলমান পরিষদের ১২ ইউপি সদস্যের মধ্যে ১০ সদস্যই যোগ দিয়েছেন উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আলম খোকার নির্বাচনী প্রচারণায়। ইতিমধ্যেই আরও একজন যোগ দিলেও এই মুহূর্তে তিনি প্রকাশ্যে আসছেন না। তার প্রচারণায় প্রকাশ্যে মাঠে রয়েছেন সাবেক কয়েকজন ইউপি সদস্যও। ফলে নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে ততোই মাঠ দখলের প্রতিযোগিতায় এগিয়ে সাবেক এই চেয়ারম্যান।
নির্বাচন অফিসের দেওয়া তথ্যমতে, গত ৩০ মার্চ নালিতাবাড়ী উপজেলার ৫নং রামচন্দ্রকুড়া-মন্ডলিয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আমান উল্লাহ বাদশা মৃত্যুবরণ করেন। এর ফলে ওই পদটি শুণ্য ঘোষা করে নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষণা অনুযায়ী আগামী ২৭ জুলাই শুধুমাত্র চেয়ারম্যান পদে প্রথম বারের মতো ইভিএম-এ (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) অনুষ্ঠিত হবে উপ-নির্বাচন। ৯টি কেন্দ্রে ২৪টি বুথে ১৫ হাজার ১৭৩ জন ভোটার তাদের ভোটাধিকারের সুযোগ পাবেন।
গত এক সপ্তাহে এলাকা ঘুরে দেখা গেছে, খোরশেদ আলম খোকা এর আগে পাঁচ বছর চেয়ারম্যান এর দায়িত্ব পালন করার পরও তার জনপ্রিয়তায় ধস নামেনি। একজন সহজ-সরল মানুষ হিসেবে এলাকায় ব্যাপক খ্যাতি রয়েছে তার। রয়েছে পারিবারিকভাবে দীর্ঘদিন ধরে দলমত নির্বিশেষে সব মানুষের পাশে দাড়ানো এবং অসংখ্য ধর্মীয়, সামাজি ও শিক্ষা প্রতিষ্ঠানে দু’হাত উজার করে দেওয়ার সুনাম। ফলে যতোই নির্বাচন ঘনিয়ে আসছে ততোই ভোটের পাল্লা ভারি হচ্ছে খোকার। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে ভোটের এ পাল্লা আরও ভারি হতে থাকবে বলে জানিয়েছেন স্থানীয় ভোটাররা। খোকার ভোট বাড়বে বৈ কমবে না- এমন আলোচনাও সর্বত্র। ভোটাররা মনে করছেন, চারজন প্রার্থীর মধ্যে যিনিই মূল প্রতিদ্বন্দ্বিতায় আসবেন একমাত্র খোকার সাথেই তাকে লড়তে হবে।
ইতিমধ্যেই সাবেক ইউপি সদস্য, সাবেক সংরক্ষিত নারী ইউপি সদস্য, বর্তমান পরিষদের ১০ জন ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রকাশ্যে যোগ দিয়েছেন খোকার নির্বাচনী প্রচারণায়। এরা হলেন- ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য কাউসার আলী কায়েশ, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ওসমান গণি, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য হামিদুল ইসলাম হামিদ, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য তমিজ উদ্দিন, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরহাদ মিয়া, সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ডের নারী ইউপি সদস্য রহিমা বেগম, সংরক্ষিত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের নারী ইউপি সদস্য নূর জাহান বানু ও সংরক্ষিত ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের নারী ইউপি সদস্য রওশন আরা বেগম। নাম প্রকাশ না করার শর্তে যোগ দিয়েছেন আরও একজন।
খোকার সাথে প্রকাশ্যে মাঠে রয়েছেন- ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতিসহ বিভিন্ন পদের নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন কৃষক লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের অধিকাংশ নেতাকর্মী।
এছাড়াও সদ্য প্রয়াত আমান উল্লাহ বাদশা এর ছেলে স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জাকারিয়া এবং ছোট ভাই যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম প্রার্থীতা প্রত্যাহার করে খোকার পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় খোকার পালে হাওয়া আরও জোরেসোড়ে লাগছে।