যশোর : যশোরের শার্শায় পূর্ব শত্রুতার জের ধরে আহম্মদ আলী গাজি নামের এক মাছ চাষির ঘেরে বিষ দিয়ে মাছ নিধন করেছে এলাকার চিহ্নিত দূর্বৃত্তরা। বিষ প্রয়োগের ফলে ১২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানান আহম্মদ আলী। ঘটনাটি ঘটেছে উপজেলার পানবুড়িয়া গ্রামে। এ ব্যাপারে শার্শা থানা পুলিশকে লিখিতভাবে অবহতি করা হয়েছে।
জানা গেছে, যশোরের শার্শা উপজেলার পানবুড়িয়া গ্রামের মৃত মান্দার গাজির ছেলে আহম্মদ আলী গাজি দীর্ঘদিন যাবত মাছ চাষ করে আসছে। সম্প্রতি একই গ্রামের বজলুর রহমানের ছেলে জাকির হোসেনের সাথে তার বিবাদ সৃষ্টি হয়। এসময় জাকির আহম্মদকে হুমকি দিয়ে বলেন, ২-১ দিনের মধ্যে তোর ঘেরের সব মাছ মেরে দেব। এরই জের ধরে বুধবার দিবাগত রাতে জাকির হোসেনের নেতৃত্ব একই গ্রামের হযরত আলীর ছেলে বিল্লাল হোসেন ও ওহাবের ছেলে শরিফুল ইসলাম শরীফসহ ৫-৬ জন দূর্বৃত্ত আহম্মদ আলীর ঘেরে বিষ ট্যাবলেট দিয়ে ঘেরের মাছ মেরে ফেলে।
এর আগেও জাকির একাধিকবার আহম্মদের ঘেরে বিষ দিয়ে মাছ নিধন করেছে। জাকির প্রভাবশালী হওয়ায় সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরেও কোন প্রতিকার পায়নি আহম্মদ আলী।
এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।